সোনারগাঁয়ে মাদকবিরোধী সচেতনতায় ১০ গ্রামের মানুষের সমাবেশ

Published: September 18, 2026, 7:55 pm

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নের ১০টি গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আল-মানার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

আল-মানার ঈদগাহ কমিটির সভাপতি ও সমাজসেবক হাজী আ. মোতালেবের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারীক। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদক সমাজের জন্য অভিশাপ, যার নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলার ওপর পড়ে। ওসি আব্দুল বারীক মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক প্রতিরোধে পরিবার, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বৈদ্যেরবাজার ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাসেম প্রধান, সামসু মিয়া এবং সাবেক ছাত্রদল নেতা ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গাজী আওলাদ হোসেন।

যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেল বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সচেতন ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের চলমান অভিযানে সহযোগিতার আহ্বান জানান।

অন্যান্য বক্তারা সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদক, জুয়া ও সকল প্রকার অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার ওপর জোর দেন। তারা মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, সমাজকে মাদকমুক্ত রাখা এবং তরুণ সমাজকে শিক্ষা, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য অভিভাবক ও সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin