মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। দেশটিতে কর্মী পাঠাতে সরকারি ও বেসরকারি পর্যায়ের মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে নীতিগত সম্মতি দিয়েছে মালয়েশিয়া সরকার। এর বাইরে বাংলাদেশের বিশেষ আবেদনের প্রেক্ষিতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) নেওয়ার বিষয়েও একমত হয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, বর্তমান সরকার বন্ধ হয়ে যাওয়া কিংবা সীমিত হওয়া বৈদেশিক শ্রমবাজারগুলো পুনরায় চালু ও সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে। সেই ধারাবাহিকতায় মালয়েশিয়ার বাজারে স্বচ্ছ, সুশৃঙ্খল ও ব্যাপক অংশগ্রহণমূলক নিয়োগ কাঠামো গড়ে তোলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, মালয়েশিয়ার নির্ধারিত শর্ত ও যোগ্যতার ভিত্তিতে তালিকাভুক্ত হওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এছাড়া ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং আরও ৩১২টি সাধারণ রিক্রুটিং এজেন্সি এই তালিকায় স্থান পেয়েছে।
এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে ২০২২ সালের ১৮ ডিসেম্বর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) অনুসরণে। এমওইউ-এর বিধান অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে সংস্থা নির্বাচনের এখতিয়ার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এজেন্সির যোগ্যতা যাচাইয়ের কাজ শুরু হলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু শর্তে নমনীয়তা প্রদর্শন করে মালয়েশিয়া। পরবর্তীতে প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্রসহ মোট ৪২৩টি এজেন্সির তালিকা মালয়েশীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল, যা থেকে ৩৩৮টিকে চূড়ান্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম সরকারি বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে নির্বাচন করেন এবং দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমবাজার চালুর বিষয়টিতে বিশেষ জোর দেন। সরকার মালয়েশিয়ার আইনি কাঠামো ও সমঝোতা স্মারকের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৈধ সংস্থাগুলোর সুযোগ বাড়াতে কাজ করেছে। অনুমোদিত এজেন্সিগুলো এখন সরাসরি মালয়েশিয়ার নিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করে চাকরির চাহিদাপত্র সংগ্রহ, বাংলাদেশে কর্মী নির্বাচন এবং বিধি মেনে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।





