কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবা দেওয়ার প্রস্তাবে তীব্র বিতর্ক

Published: October 15, 2026, 10:35 am

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের মসজিদগুলোতে জুমার নামাজের খুতবা অভিন্ন করার একটি উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় ওয়াকফ বোর্ডের প্রধান ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী দারাখশান আন্দ্রাবি সম্প্রতি এই প্রস্তাবের কথা জানান। তবে সমালোচকদের দাবি, এই পদক্ষেপের আড়ালে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাঁয়তারা করা হচ্ছে।

ইসলামি আইন অনুযায়ী মুসলিম ধর্মীয় সম্পত্তি ও ওয়াকফসংক্রান্ত বিষয়াদি দেখভালের দায়িত্বে রয়েছে জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ড। বোর্ডের প্রধান দারাখশান আন্দ্রাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির সঙ্গে সরাসরি যুক্ত। প্রস্তাবের সপক্ষে যুক্তি দিয়ে তিনি দাবি করেন, মাদকাসক্তি, আত্মহত্যা এবং মানসিক সংকটের মতো ক্রমবর্ধমান সামাজিক সমস্যাগুলো মোকাবিলার লক্ষ্যেই জুমার খুতবায় নির্দিষ্ট কিছু বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। অবশ্য তিনি এটিও উল্লেখ করেছেন যে খুতবার মূল বিষয়বস্তু নির্ধারণের দায়িত্ব শেষ পর্যন্ত ধর্মীয় পণ্ডিতদের ওপরই ন্যস্ত থাকবে।

এই নীতি বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে গত রোববার কাশ্মীর অঞ্চলের প্রায় ১,৫০০ জন শীর্ষস্থানীয় আলেম ও ধর্মীয় বক্তাকে জরুরি ভিত্তিতে তলব করে ওয়াকফ বোর্ড। আয়োজিত ওই বিশেষ সভায় অনেক ধর্মীয় নেতা সশরীরে উপস্থিত হন, আবার অনেকে অনলাইনে যুক্ত ছিলেন। শ্রীনগর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে পাহাড়ি রাজৌরি জেলা থেকে ভার্চুয়ালি অংশ নেওয়া এক আলেম আল জাজিরাকে জানান, সভায় দারাখশান আন্দ্রাবি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে এখন থেকে জুমার দিনে প্রতিটি মসজিদে কেবল পূর্বানুমোদিত এবং একটি কমিটি দ্বারা প্রস্তুত করা নির্দিষ্ট একটি খুতবাই পাঠ করতে হবে।

ওই ধর্মীয় আলেম আরও অভিযোগ করেন, খুতবা প্রস্তুত ও অনুমোদনের দায়িত্বে ঠিক কোন ব্যক্তিরা বা কারা ওই কমিটিতে থাকবেন, সে বিষয়ে তাদের স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। এমনকি আগাম নির্ধারিত খুতবা মসজিদে পাঠের বিষয়টিতে আলেমদের পক্ষ থেকে আপত্তি তোলা হলেও তাদের সেই উদ্বেগ বা মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।

গত রোববার ওয়াকফ বোর্ড কাশ্মীর অঞ্চলের প্রায় এক হাজার ৫০০ জন শীর্ষস্থানীয় আলেম ও ধর্মীয় বক্তাকে তলব করেছিল। কিছু নেতা সশরীরে উপস্থিত থাকলেও অনেকে ভার্চুয়ালি এই সভায় অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh