নরসিংদীর রায়পুরা উপজেলায় তারেক মিয়া (২৮) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজন ও স্থানীয়দের দাবি, মাদকের টাকার জন্য প্রতিনিয়ত মা-বাবার ওপর অত্যাচার চালানোয় অতিষ্ঠ হয়ে নিজ ছেলেকে হাত-পা বেঁধে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বাবা অলিউর রহমান। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা অলিউর রহমান পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তারেক দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। সেখানে মাদক সেবনের অভিযোগে সে দেশের পুলিশ তাকে আটক করে আড়াই বছর আগে বাংলাদেশে ফেরত পাঠায়। তবে দেশে ফিরেও তিনি মাদকের কবল থেকে মুক্ত হতে পারেননি। স্থানীয় কিছু তরুণের সঙ্গে পুনরায় মাদকে জড়িয়ে পড়েন এবং নেশার টাকার জন্য প্রায়ই মা-বাবাকে মারধর করতেন। গতকাল বুধবার রাতেও মাদকের টাকার দাবিতে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান তারেক। এতে ক্ষুব্ধ হয়ে বাবা অলিউর রহমান ছেলের হাত-পা বেঁধে ঘরের পেছনের গোয়ালঘরে নিয়ে যান। সেখানে চাপাতি দিয়ে তার মাথা ও ঘাড়ে কোপানো হলে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয়।
ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশীদ জানান, তারেক মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর অকথ্য নির্যাতন চালাতেন। এসব সহ্য করতে না পেরে বাবা অলিউর রহমান নিজের ছেলেকে হত্যা করেছেন। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে আজ ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, নিহতের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





