দিল্লি বিমানবন্দরে হেনস্তার শিকার সিজেপি নেতা অভিজিৎ

Published: October 14, 2026, 12:00 pm

ভারতের দিল্লি বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। বুধবার রাজধানীতে ফেরার পর বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে চিৎকার করেন। ওই ব্যক্তি অভিজিৎকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, ‘আপনি দেশটা ধ্বংস করছেন কেন?’ এ সময় অভিজিৎ ওই ব্যক্তির দিকে তাকিয়ে হাসিমুখে থাম্বস-আপ বা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন। পুরো ঘটনার একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১০ অক্টোবর দাদির মৃত্যুর পর মহারাষ্ট্রে নিজ শহরে গিয়েছিলেন অভিজিৎ। সেখান থেকে বুধবার দুপুরে তিনি দিল্লিতে ফিরে আসেন। এর আগে, গত ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির বিক্ষোভে নেতৃত্ব দিতে গিয়ে বিমান থেকে নামার পরপরই পুলিশ তাকে আটক করেছিল। এরপর তাকে হেফাজতে নেওয়া হয়।

দিল্লিতে ফিরে কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন অভিজিৎ। তিনি তার দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর ঘটনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিজিৎ বলেন, ‘জাতীয় পতাকা উত্তোলন করা কি এ দেশে অপরাধ? আশুতোষ ও সৌরভকে কেন পাঁচ দিনের জন্য জেলে পাঠানো হলো? কারণ তারা যন্তর মন্তরে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।’ তিনি আরও দাবি করেন, ব্রিটিশ শাসনামলে স্বাধীনতাসংগ্রামীদের যেভাবে প্রকাশ্যে জাতীয় পতাকা উত্তোলনের দায়ে গ্রেপ্তার ও কারাবন্দি করা হতো, বর্তমান পরিস্থিতি অনেকটা তেমনই।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin