চুয়েট ভিসিকে উদ্ধার করে ক্যাম্পাস ছাড়ার সুযোগ দিল প্রশাসন

Published: October 13, 2026, 1:51 pm

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনে অবরুদ্ধ থাকা ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করেছে জেলা প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাকে উদ্ধার করা হয়। এরপর কঠোর পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

ভিসিকে উদ্ধার করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, একজন সম্মানিত শিক্ষক নিরাপত্তা চেয়েছেন এবং চিকিৎসার কথা জানিয়েছেন, তাই তাকে নিয়ে যেতে তারা সেখানে গিয়েছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হবে বলে জানালেও কোন হাসপাতালে নেয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

ভিসিকে ক্যাম্পাস থেকে বের করে দেয়ার সময় শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একই সঙ্গে শিক্ষার্থীরা একটি শর্ত আরোপ করেন যে, এই ক্যাম্পাস থেকে বের হওয়ার পর তিনি আর কখনোই চুয়েটে ফিরতে পারবেন না। প্রশাসনিক ভবন থেকে বের করার সময় শিক্ষার্থীরা মাইকে এই ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর থেকে ভিসি নিয়োগকে কেন্দ্র করে চুয়েটে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীরা সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন। এই ধারাবাহিকতায় সোমবার সকালে নবনিযুক্ত ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, ভিসি বহিরাগত ব্যক্তিদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এর প্রতিবাদে তারা পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্র করে তোলেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করায় তাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রাখেন। এর আগে শিক্ষার্থীরা মুখোশ মিছিল ও চোখ বাঁধা প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এবং ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin