প্রবাসী কার্ডে ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনার পরিকল্পনা সরকারের

Published: October 13, 2026, 8:12 am

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছেন, প্রবাসী কার্ডধারীদের বৈধ পথে পাঠানো রেমিট্যান্সে ৩ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা পেয়ে থাকেন।

রাজধানীর একটি হোটেলে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রামরুর তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের অধিবেশনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ চার থেকে পাঁচটি দেশে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। এই কার্ডে আর্থিক লেনদেনের পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ও বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

রিক্রুটিং এজেন্সির কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সি রয়েছে। কাজের মান ও দক্ষতা বিবেচনায় গ্রেডিং করা হলে এর মধ্যে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০টি এজেন্সি টিকে থাকতে পারে। অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে এবং প্রতারণা ও অনিয়ম বন্ধ করতে এজেন্সিগুলোকে জবাবদিহির আওতায় আনা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নুরুল হক বলেন, পাসপোর্ট করতে গিয়ে দালালের দৌরাত্ম্য, অতিরিক্ত খরচ, বিদেশে প্রতিশ্রুত কাজ না পাওয়া এবং দূতাবাসের অসহযোগিতার মতো অভিযোগ রয়েছে। এছাড়া বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়েও প্রবাসীরা ভোগান্তিতে পড়েন। সরকার এসব সমস্যা সমাধানের পাশাপাশি প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

জমিজমা সংক্রান্ত আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তির জন্য ভূমি ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সাত দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। এছাড়া ক্ষতিগ্রস্ত কর্মীদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের জন্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় ‘রেস’ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

দক্ষ কর্মী তৈরির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী মন্ত্রণালয়ের অধীন প্রায় ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পাঠ্যক্রম হালনাগাদ করা হচ্ছে। নারী অভিবাসী শ্রমিকদের সুরক্ষা ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় উৎসাহিত করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo