দেশের ভেতর সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের সহিংসতা উসকে দেওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে দলটির সঙ্গে কোনো ধরনের রিকনসিলিয়েশন বা পুনর্মিলনের উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, গত সপ্তাহে রিকনসিলিয়েশন নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তিনি ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার কথা উল্লেখ করে বলেন, যারা গুরুতর ফৌজদারি অপরাধ করেছেন, তাদের বিচার হওয়াটা অপরিহার্য। রিকনসিলিয়েশনের আলোচনা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, বিশেষ করে যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত। তিনি আরও অভিযোগ করেন যে, আওয়ামী লীগ এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণ দেখায়নি, বরং নানাভাবে দেশে সংকট সৃষ্টির পাঁয়তারা করছে।
দেশের বাইরে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার ঘটনার কঠোর সমালোচনা করেন তিনি। ডা. জাহেদ বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ড. ইউনূস কেন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন—এই অজুহাতে তাকে হেনস্তা করার চেষ্টা করা হয়েছে। একই ধরনের আচরণ আমেরিকার মাটিতে গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও করার চেষ্টা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উপদেষ্টা বলেন, যে দলটি প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত এবং যাদের প্রধান নিয়মিতভাবে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করেন, তাদের সঙ্গে পুনর্মিলনের কোনো প্রশ্নই আসে না।





