নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির আকস্মিক বিক্ষোভ

Published: October 13, 2026, 7:30 am

ভারতের রাজধানীর যন্তর মন্তরে সব ধরনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি নিষিদ্ধ করার পর সেখানে আকস্মিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একদল নেতাকর্মী নিষেধাজ্ঞা অমান্য করে ঐতিহ্যের এই বিক্ষোভস্থলে প্রবেশ করেন। দলটির নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাসের নেতৃত্বে কর্মীরা লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন।

বিক্ষোভের সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা দেখা গেছে এবং তারা ‘ভারত মাতা কি জয়’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে পুলিশের সঙ্গে কর্মীদের ধস্তাধস্তির দৃশ্য ফুটে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায়।

দীর্ঘদিন ধরে যন্তর মন্তর বিভিন্ন সংগঠনের নির্ধারিত বিক্ষোভস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসলেও, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশে সেখানে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে দিল্লির বিক্ষোভস্থল হিসেবে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডকে নির্ধারণ করা হয়েছে।

গত ১০ অক্টোবর থেকেই যন্তর মন্তরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে দিল্লি পুলিশ। ওই দিন সিজেপি সেখানে বিক্ষোভের ডাক দিলেও, সকালে দিল্লিতে পৌঁছানোর পরপরই বিমানের ভেতর থেকে দলের শীর্ষ নেতা অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়েছিল। এছাড়া গত শনি ও রোববার দিল্লির বিভিন্ন সড়কে বিক্ষোভ ও পুলিশের ধরপাকড় ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল, যেখানে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh