সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, এই উৎসব উপলক্ষে সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন। বিজিবি এই উৎসবের জন্য একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে, যার মূল ভিত্তি হলো নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয়। সম্ভাব্য ঝুঁকি আগেভাগে চিহ্নিত করা, গুজব বা সাম্প্রদায়িক উসকানি রোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজিবি সীমান্তের ৮ কিলোমিটারের ভেতর এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাগুলোসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা প্রদান করবে। দুর্গম ও দূরবর্তী এলাকায় দ্রুত টহল নিশ্চিত করতে এবং সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
রাজধানী ঢাকাতে বিজিবি মোতায়েনের বিষয়টি সরকারের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবি টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।





