জন্মদিনে নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

Published: October 12, 2026, 5:50 am

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে সম্প্রতি ‘বার্থডে গার্ল’ লুকে দেখা গেছে। রবিবার (১১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোতে কেক হাতে স্টাইলিশ লুকে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক পোস্টে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘বার্থডে গার্ল’।

অপুর জন্মদিন উদযাপনের সূচনা হয় শনিবার মধ্যরাতে, অর্থাৎ রবিবারের প্রথম প্রহরে। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটেন তিনি। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ এর আগে জন্মদিন উপলক্ষে তিনি সাদাকালো আবহের একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিও ও ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’

অপুর এই নতুন লুক ভক্তদের নজর কেড়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বার্থডে গার্ল’ শব্দটির ব্যবহার নিয়ে শুরু হয়েছে আলোচনা। কয়েকজন মন্তব্য করেছেন, অপু বিশ্বাস এখন আর ‘গার্ল’ নন, বরং একজন নারী। এক নেটিজেন লিখেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ এছাড়া তার পোশাক নিয়েও কেউ কেউ আলোচনা করেছেন। তবে অধিকাংশ ভক্তই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার রূপের প্রশংসা করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin