পাকিস্তানের কোহাতে পুলিশ লাইনে আত্মঘাতী হামলায় নিহত ১৬

Published: September 18, 2026, 10:46 am

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া এই হামলায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ।

টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় একটি ভবনের দেয়াল ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজে সহায়তা করছেন। প্রাথমিক তথ্যে কোহাট পুলিশ লাইনের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হয়েছিল এবং বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ভবনটিতে ধাক্কা দিয়েছে বলে মনে করা হয়েছিল।

তবে পরবর্তীতে আইজি জুলফিকার হামিদ জানান, স্পেশাল ব্রাঞ্চ ভবনের কাছে এক আত্মঘাতী হামলাকারী নিজের শরীরে থাকা বিস্ফোরক ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই সেখানে 'ফিতনা আল খাওয়ারিজ' নামক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। উল্লেখ্য, পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে 'ফিতনা আল খাওয়ারিজ' শব্দটি ব্যবহার করে থাকে।

আইজি জুলফিকার হামিদ দৃঢ়তার সঙ্গে বলেন, 'ফিতনা-উল-খাওয়ারিজকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।' তিনি আরও জানান, এ ঘটনার পরেও পুলিশের মনোবল অটুট রয়েছে।

এদিকে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তার দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, নিরপরাধ মানুষকে লক্ষ্য করে চালানো এই হামলা 'গভীরভাবে দুঃখজনক ও অগ্রহণযোগ্য'। তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এছাড়া কেপির গভর্নর ফয়সাল করিম কুন্দিও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, সন্ত্রাস নির্মূলে নিরাপত্তা বাহিনীর পাশে পুরো জাতি ঐক্যবদ্ধ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin