চোট থেকে ফিরে মাঠে নেমেই নেইমারের জোড়া গোল

Published: October 9, 2026, 6:27 am

প্রায় পাঁচ সপ্তাহ পর চোট থেকে ফিরে নিজের জাত চেনালেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র। ঘরের মাঠ ভিলা বেলমিরোতে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ম্যাচে মাঠে নেমে মাত্র ৬ মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে জোড়া গোল করে সান্তোসকে হারের হাত থেকে রক্ষা করেছেন তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে নিষ্পত্তি হয়েছে।

গত ২রা সেপ্টেম্বর ডান পায়ের ঊরুর চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন নেইমার। দীর্ঘ পুনর্বাসন শেষে আজ সকালে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে মাঠে ফেরেন তিনি। সান্তোসের শুরুর একাদশে সুযোগ না পেলেও, প্রথমার্ধে দল ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ফিলিপে কৌতিনহোর বদলি হিসেবে মাঠে নামেন এই ফরোয়ার্ড। এর আগে প্রথমার্ধের ৪৩ মিনিটে দানিলো এবং যোগ করা চতুর্থ মিনিটে লুকাস পাকেতার গোলে লিড নিয়েছিল টেবিল টপার ফ্ল্যামেঙ্গো।

ম্যাচের ৮২তম মিনিটে ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডার জর্জিনহো বক্সের ভেতর হ্যান্ডবল করলে ভিএআর পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি এবং জর্জিনহোকে লাল কার্ড দেখান। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ২০১৯ সালে ভিএআর চালুর পর এটি ছিল দীর্ঘ ৯ মিনিট ৫৬ সেকেন্ডের সবচেয়ে বড় পর্যালোচনা। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। এরপর ৮৮তম মিনিটে গ্যাব্রিয়েল বারবোসা সান্তোসকে আরও একটি পেনাল্টি এনে দিলে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে নেইমার বলেন, চোট থেকে সদ্য ফেরায় ডান পায়ে দূরপাল্লার পাসের ঝুঁকি নিতে চাইনি। তবে দুই দলের জন্যই ম্যাচটি দুর্দান্ত ছিল, ব্রাজিলে বর্তমানে এই দুটো দলই সেরা।

এই ড্রয়ের ফলে দুই দলেরই জয়রথ থামলো; সান্তোস টানা ৭ জয় এবং ফ্ল্যামেঙ্গো টানা ৫ জয়ের পর পয়েন্ট ভাগাভাগি করলো। ব্রাজিলিয়ান সিরি আ-তে ২৯ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ফ্ল্যামেঙ্গো। অন্যদিকে সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে অবস্থান করছে নেইমারের সান্তোস।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin