ইউরোপীয় পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সোনালি মূর্তি প্রদর্শিত

Published: October 8, 2026, 9:04 am

ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্ট ভবনের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশাল সোনালি মূর্তি প্রদর্শিত হচ্ছে। ৮ দশমিক ৫ ফুট উচ্চতার এই ভাস্কর্যটিতে ট্রাম্পকে নগ্ন অবস্থায় দেখা গেছে, যার এক হাতে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা এবং অন্য হাতে একটি গলফ ক্লাব রয়েছে। তার হাতে থাকা গলফ বলটিকে পৃথিবীর আদলে তৈরি করা হয়েছে। ডেনমার্কের শিল্পী জেনস গালচিওটের তৈরি এই ভাস্কর্যটির নাম ‘অরেঞ্জ প্লেগ’, যা ‘কিং অব ইনজাস্টিস’ নামেও পরিচিত। ভাস্কর্যটিতে ট্রাম্পকে পোশাক পরা অপেক্ষাকৃত ছোট এক ব্যক্তির কাঁধে বসে থাকতে দেখা যায়, যেখানে ওই ব্যক্তিকে ট্রাম্পের ভারে নুয়ে পড়া অবস্থায় ফুটিয়ে তোলা হয়েছে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় পার্লামেন্টের দুটি ভবনের সংযোগস্থলের ব্যস্ত একটি স্থানে মূর্তিটি স্থাপন করা হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত এটি সেখানে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। ভাস্কর্যটির ভিত্তিতে লেখা রয়েছে, ‘আমি একজন মানুষের পিঠে বসে আছি। সে আমার ভারে ডুবে যাচ্ছে। তাকে সাহায্য করার জন্য আমি সবকিছু করব। শুধু তার পিঠ থেকে নামব না।’

শিল্পী জেনস গালচিওটের মতে, ট্রাম্প বর্তমান বিশ্বব্যবস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জলবায়ু সংকট মোকাবিলার প্রচেষ্টার জন্য অন্যতম বড় হুমকির প্রতীক। তিনি মনে করেন, এই ধ্বংসাত্মক প্রভাবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ২৩ ক্যারেটের সোনার পাত দিয়ে তৈরি ভাস্কর্যটির ধারণা নেওয়া হয়েছে বিখ্যাত রূপকথা ‘দ্য এম্পেরর’স নিউ ক্লোদস’ থেকে, যেখানে এক অহংকারী সম্রাট নিজেকে অসাধারণ পোশাকে সজ্জিত মনে করলেও বাস্তবে তিনি নগ্ন।

প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য ছোট আকারের মূর্তিও দেওয়া হচ্ছে, যা প্রতিবাদের প্রতীক বা ‘মাসকট’ হিসেবে কাজ করবে বলে শিল্পী জানিয়েছেন। গালচিওট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, তিনি এমন ১০ হাজার ছোট মূর্তি বিতরণের পরিকল্পনা করেছেন, যা বিভিন্ন রঙের হবে। এছাড়া অনলাইনে মূর্তিটির নকশা উন্মুক্ত করা হয়েছে, যাতে মানুষ নিজেরাই থ্রিডি প্রিন্ট করে নিতে পারেন।

এর আগে ‘অরেঞ্জ প্লেগ’ ভাস্কর্যটি ব্রাজিলে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে এবং চলতি বছর জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রদর্শিত হয়েছিল। ট্রাম্পকে নিয়ে সোনালি মূর্তি তৈরির ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে এপ্রিলে মিয়ামিতে ট্রাম্পের গলফ কোর্সে ১৫ ফুট উচ্চতার ‘ডন কলোসাস’ নামে আরেকটি সোনালি মূর্তি উন্মোচন করা হয়েছিল, যেখানে তাকে পুরো পোশাক পরা অবস্থায় দেখানো হয়েছে। এ ছাড়া মিয়ামিতে নিজের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে আরও দুটি বিশাল সোনালি মূর্তি স্থাপনের পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy