স্পেনে আবাসন আন্দোলনের প্রতীক মারিকারমেনের প্রয়াণ

Published: October 8, 2026, 6:38 am

স্পেনের তীব্র আবাসন সংকট এবং মাত্রাতিরিক্ত বাড়িভাড়ার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের প্রধান প্রতীক মারিয়া দেল কারমেন অ্যাবাসকাল আর নেই। ৮৭ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। সাধারণ মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও প্রিয় ‘মারিকারমেন’ নামের এই বৃদ্ধার উচ্ছেদকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের বরাত দিয়ে এ খবর জানা গেছে।

দীর্ঘ সাত দশক ধরে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি নিজস্ব অ্যাপার্টমেন্টে বসবাস করতেন মারিকারমেন। কিন্তু একটি বিনিয়োগকারী সংস্থা তার ওই ফ্ল্যাটটি কিনে নেওয়ার পর হঠাৎ করেই ভাড়া একলাফে ২৩০ শতাংশ বাড়িয়ে দেয়। বর্ধিত এই ভাড়া পরিশোধ করতে না পারায় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং তাকে স্ট্রেচারে করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়। উচ্ছেদের এই হৃদয়বিদারক দৃশ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়লে মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

জোরপূর্বক উচ্ছেদের পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মারিকারমেন। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি লড়াইয়ের মাঠ ছেড়ে যাননি। হাসপাতালের বিছানায় শুয়েই একটি আবেগঘন ভিডিও বার্তা পাঠান তিনি। সেখানে আন্দোলনকারীদের সাহস জুগিয়ে তিনি বলেছিলেন, 'আমি আপনাদের সঙ্গে রাস্তায় থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই ভাগ্য নেই। তাই এখান থেকেই আমি আপনাদের সবাইকে সাহসী হতে এবং লড়াই চালিয়ে নিজেদের অধিকার আদায়ের আহ্বান জানাচ্ছি।'

দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভের মুখে একপর্যায়ে ওই বিনিয়োগকারী সংস্থা মারিকারমেনকে আবারও তার ফ্ল্যাটে ফিরে যাওয়ার প্রস্তাব দিতে বাধ্য হয়। তবে মাদ্রিদ ভাড়াটিয়া ইউনিয়ন জানিয়েছে, এই সিদ্ধান্ত আসতে অনেক দেরি হয়ে গেছে। সংস্থাটির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করার মাত্র কয়েক ঘণ্টা আগেই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বৃদ্ধা।

মারিকারমেনের এই উচ্ছেদ ঘটনাকে কেন্দ্র করে স্পেনে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়। এই সংকটের মুখে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইতোমধ্যে আগাম সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন। আবাসন সংকট নিরসনে তার সরকার দুটি জরুরি ডিক্রি জারি করতে চাইলেও বিরোধী রক্ষণশীল ও ডানপন্থীদের প্রবল বিরোধিতার কারণে তা পার্লামেন্টে আটকে যায়।

এদিকে মারিকারমেনের মৃত্যুর খবরে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ এবং বিরোধীদলীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তবে বামপন্থী দল পোদেমোস-এর নেত্রী আইরিন মন্টেরো এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি কেবল সাধারণ কোনো মৃত্যু নয়, বরং একটি ‘কাঠামোগত হত্যাকাণ্ড’। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মাদ্রিদে আন্দোলনকারীদের শিবির থেকে শত শত মানুষ পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করেন এবং আবাসন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin