আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ইরানি প্রতিনিধি দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এই ভ্রমণের অনুমতি দিয়েছে। প্রতিনিধি দলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং প্রয়োজনীয় কর্মকর্তারা থাকবেন।
মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রতিনিধি দলের বহর অত্যন্ত সংক্ষিপ্ত রাখা হবে। সেই সাথে তাদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং বিলাসবহুল পণ্য ক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা বহাল থাকবে। হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সামরিক অচলাবস্থার মাঝেই এই অধিবেশন বসছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শেষের দাবি জানিয়েছেন, তবে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে ইরানের নেতৃত্বকে ভিসা দিলেও টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, এই শাস্তিমূলক পদক্ষেপ শান্তি আলোচনায় কোনো ভূমিকা রাখবে না, বরং দ্বি-রাষ্ট্র সমাধান নষ্ট করতে দখলদার শক্তিকে উৎসাহিত করবে।





