ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করেছে। এই সংঘাতের মধ্যে বুধবার ভোরে হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, কায়রো থেকে আসা একটি ফ্লাইট অবতরণের কয়েক মিনিট আগে একটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের রানওয়ের কাছে আঘাত হানে। নিরাপত্তার খাতিরে কর্তৃপক্ষ বিমানটির অবতরণ বাতিল করে সেটিকে জেদ্দায় ঘুরিয়ে দেয়। এছাড়া আরও হামলার আশঙ্কায় রানওয়েতে থাকা দুটি বিমানকেও দ্রুত ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়। এই হামলার বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এডেন বিমানবন্দরটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোর প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা সৌদি রাজধানী রিয়াদের উত্তরে একটি হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে। জোটটি জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্ল্যাটফর্ম শনাক্তের চেষ্টা করছে, যা হুতিদের নিয়ন্ত্রণে থাকা সানা এলাকায় অবস্থিত এবং সেটিও ধ্বংস করা হবে। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেনি তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছেন। তবে বিমানবন্দরে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চয়তা দেয়নি।
সম্প্রতি লোহিত সাগর উপকূলের কিছু এলাকায় হুতিরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে সৌদি সমর্থিত সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে। এই সপ্তাহে সরকারি বাহিনী সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি ও মোখা শহরের আশপাশের লোহিত সাগর উপকূল পুনর্দখলে দ্রুত অভিযান শুরু করেছে। এতে গত মাসে হুতিদের দখল করা কয়েকটি এলাকা থেকে তাদের সরিয়ে দেয়া হয়েছে। এদিকে বুধবার সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া অপর একটি হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন যে, তাদের বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে খামিস মুশাইতের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে খামিস মুশাইতের কাছে জোট যে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার কথা জানিয়েছে, সেটির সঙ্গে এই হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।





