রক্তদানের মাধ্যমে ২০২৬ সালের জাতীয় কর্মসূচির উদ্বোধন করলেন সৌদি যুবরাজ

Published: October 7, 2026, 4:38 am

সৌদি আরবের ২০২৬ সালের বার্ষিক জাতীয় রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার তিনি নিজে রক্ত দেওয়ার মাধ্যমে এই মানবিক কর্মসূচির সূচনা করেন। তার এই পদক্ষেপের মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধ করার একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে।

যুবরাজের এই উদ্যোগটি মূলত জনস্বাস্থ্য উন্নয়ন, মানবিক সহায়তা এবং স্বেচ্ছাসেবার সংস্কৃতিকে আরও শক্তিশালী করার প্রতি তার ব্যক্তিগত সমর্থনের প্রতিফলন। রক্তদানের মতো একটি মহতী কাজের মাধ্যমে সামাজিক সংহতি এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্বকে তিনি সামনে নিয়ে এসেছেন।

জাতীয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। একই সঙ্গে, মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করা এবং দেশের হাসপাতাল ও রক্তব্যাংকগুলোতে রক্তের পর্যাপ্ত মজুত নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যানসার আক্রান্ত রোগী, রক্তের বিভিন্ন রোগে ভুক্তভোগী এবং জরুরি চিকিৎসার প্রয়োজন এমন সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় নিয়মিত নিরাপদ রক্তের সরবরাহ অপরিহার্য। স্বেচ্ছায় রক্তদান বৃদ্ধি পেলে হাসপাতালগুলোতে রক্ত সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরবে রক্তদাতার সংখ্যা ৯ লাখের মাইলফলক অতিক্রম করেছে। দেশটিতে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়তে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে। গত বছরের জাতীয় রক্তদান কর্মসূচিতেও অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছিল। সেই কর্মসূচিতে ৬৫ হাজারের বেশি মানুষ রক্তদান করেছিলেন, যা দেশটির রক্তব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণের একটি। এর মধ্যে ৮৫ শতাংশের বেশি ছিলেন প্রথমবারের মতো রক্তদাতা। ওই সময়ে ৬৩ হাজারের বেশি ইউনিট রক্ত, ১০ হাজার ইউনিট প্লাটিলেট এবং ১০ হাজার ইউনিট প্লাজমা সংগ্রহ করা সম্ভব হয়েছিল।

সৌদি সরকারের স্বাস্থ্য খাতের সংস্কার কর্মসূচি এবং ভিশন ২০৩০-এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই জাতীয় রক্তদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে হাসপাতালগুলোতে নিরাপদ ও টেকসই রক্ত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে সামাজিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh