অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমুর জন্মদিন ছিল গতকাল। ব্যক্তিগত সফরে পোল্যান্ডে অবস্থানরত এই অভিনেত্রী জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে জানালেন, এবারের জন্মদিনটা তাঁর জন্য অন্যরকম। কারণ, জন্মদিনের আগেই ১৬ সেপ্টেম্বর টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা—রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ও আনিবা রহমানের ‘বেলিফুল’।
এক সপ্তাহের ব্যবধানে ভেনিস ও টরন্টোর মতো দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের ছবির প্রদর্শনীর অভিজ্ঞতাকে শিমু বিশেষ বলে মনে করছেন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৬ সেপ্টেম্বর প্রদর্শিত হয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। শিমু হোয়াটসঅ্যাপে জানান, সালা দারসেনায় প্রায় ১ হাজার ৪০০ দর্শকের সামনে ছবিটির প্রদর্শন ছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। ভেনিস প্রিমিয়ারে শিমু উপস্থিত থাকলেও শিডিউল জটিলতায় টরন্টো যেতে পারেননি। তবে একই দিনে ও একই ভেন্যুতে নিজের দুটি সিনেমার প্রিমিয়ারের খবর তিনি নিয়মিত রেখেছেন। তিনি বলেন, ‘জন্মদিনের আগে এটা আমার জীবনের অন্যতম সেরা উপহার।’
শিমুর ক্যারিয়ারের শুরু তারেক মাসুদের ‘রানওয়ে’ দিয়ে। এরপর ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘শিমু’, ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ এবং ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘ফেরেশতেতে’ অভিনয় করেছেন তিনি। ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘শিমু’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে পরিচালক রুবাইয়াত হোসেনের সঙ্গে তিনবার কাজ করেছেন শিমু। পরিচালককে নিজের অভিভাবক হিসেবে উল্লেখ করে শিমু বলেন, ‘রুবাইয়াত আপুর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। তিনি আমাকে বরাবরই গাইড করেছেন।’
নিজের কাজের ধরণ সম্পর্কে শিমু বলেন, তিনি গল্প পছন্দ না হলে কাজ করতে রাজি হন না। চরিত্রটি কতটা বিশ্বাসযোগ্য, তা নিজেকে প্রশ্ন করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৬২তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আগামী ১৪ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠেয় এই উৎসবে ১৩টি সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি। অন্যদিকে, ২২ মিনিটের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বেলিফুল’ পরিচালনা করেছেন নিউইয়র্কভিত্তিক নির্মাতা আনিবা রহমান। এতে বেগম নামের এক অভিভাবক নারীর চার প্রজন্মের সংসার ও সমাজের টানাপোড়েনের গল্প ফুটে উঠেছে।





