দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী হাইকমিশনারের বৈঠক

Published: October 4, 2026, 1:00 pm

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (৪ অক্টোবর) দুপুরে নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করে জানান, বাংলাদেশের বিদায়ী হাইকমিশনারকে অভ্যর্থনা জানাতে পেরে তিনি আনন্দিত। তিনি হাইকমিশনার হামিদুল্লাহকে তার দায়িত্ব পালনকালে অবদানের জন্য অভিনন্দন জানান।

হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহও বৈঠকের ছবি প্রকাশ করে জানিয়েছেন, তার ১৮ মাসের কার্যকালে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি উল্লেখ করেন যে, তিনি কূটনীতির চিরাচরিত পথের বাইরে গিয়ে দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্কের ওপর গুরুত্ব দিতে চেয়েছেন।

উল্লেখ্য, দিল্লিতে ১৮ মাস দায়িত্ব পালন শেষে রিয়াজ হামিদুল্লাহ জেনেভাতে জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, যার নিয়োগপত্র ভারত সরকার ইতোমধ্যে অনুমোদন করেছে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত দুই বছরে ঢাকা ও দিল্লির সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন উত্থান-পতন ঘটেছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুকে কেন্দ্র করে সম্পর্কে জটিলতা তৈরি হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চললেও তা এখনো বাস্তবায়িত হয়নি। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে, রোববার ছুটির দিনে অনুষ্ঠিত এই বৈঠকটি কেবল একটি বিদায়ী সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং সম্পর্কের বিভিন্ন জটিল দিক নিয়েও আলোচনা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh