নান্দাইলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক পলাতক

Published: October 4, 2026, 12:32 pm

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা এলাকায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে আবু সাইদ নামে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই শিক্ষক পলাতক রয়েছেন। গত শনিবার নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চণ্ডীপাশা গোরস্থান সংলগ্ন বাইতুস রাসূল (সা.) মাদ্রাসায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশুর পরিবার নিশ্চিত করেছে।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের একজন নিয়মিত ছাত্র। গত শনিবার রাতে নান্দাইল বাজার থেকে ফেরার পথে শিশুটির বাবা তাকে দেখতে মাদ্রাসায় যান। সেখানে গিয়ে ছেলেকে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখে তিনি তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে রাতে শিশুটির পায়ুপথে রক্তপাত হতে দেখা যায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পরে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। তার অভিযোগ, শিক্ষক আবু সাইদ তাকে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন। সে সময় বাধা দেওয়ার চেষ্টা করলে এবং এই ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও শিশুটি তার পরিবারকে জানায়।

এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে শিশুটির বাবা বলেন, তার ছেলের সঙ্গে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তা যেন অন্য কোনো শিশুর সঙ্গে না ঘটে। তিনি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। মাদ্রাসার পরিচালক বিল্লাল জানান, বিষয়টি জানার পর উভয় পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে একটি সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। তবে অভিযুক্ত শিক্ষক আবু সাইদ পলাতক থাকায় এবং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy