দেশের সব প্রতিষ্ঠান এখন বিধ্বস্ত অবস্থায়: জামায়াত আমির

Published: October 4, 2026, 8:06 am

দেশের স্বাস্থ্য খাতসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখন পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘৪-১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে শুধু স্বাস্থ্যব্যবস্থাই ভেঙে পড়েনি, বরং ব্যাংক, বীমা, করপোরেশন ও স্টক মার্কেটসহ প্রায় সব প্রতিষ্ঠানই এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও খোদ রাজধানীতে দিনে-দুপুরে ও রাতে নানা অপকর্ম ঘটছে। সরকারের কেন্দ্রস্থল রাজধানীর এই চিত্রই বলে দেয় সারা দেশের সার্বিক অবস্থা কতটা আশঙ্কাজনক ও উদ্বেগজনক।

বক্তব্যে জামায়াত আমির তিন দিন আগে ঢাকার বিমানবন্দরে ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, দুবারের সাবেক সংসদ সদস্য ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বিমানবন্দরে সীমাহীন দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করায় আখতারুজ্জামানকে হয়রানির শিকার হতে হয়েছে। নিজের লাগেজ পাওয়ার জন্য তাকে তিন ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল।

আখতারুজ্জামানের প্রতিবাদকে সম্পূর্ণ সত্য আখ্যা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে তড়িঘড়ি করে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে তিনি একজনকে শারীরিকভাবে নাজেহাল করেছেন, যা হাজার ভাগ মিথ্যা। তিনি কারও গায়ে হাত তোলেননি। আদালতে যখন আইনজীবীরা সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেন, তখন বলা হলো ওই এলাকায় কোনো সিসি ক্যামেরা ছিল না। একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া ও হেলমেট পরিয়ে এবং তার বুকের জ্যাকেট ফেলে দিয়ে যেভাবে অপমান করা হয়েছে, জামায়াত আমির তার তীব্র নিন্দা জানান।

এ সময় তিনি তিন দিন আগে ঢাকার বিমানবন্দরে ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, দুবারের সাবেক এমপি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন।

জামায়াত আমির বলেন, ‘আখতারুজ্জামান কিছু কথা বলেছেন, কথা হয়তো অনেকের ভালো লাগেনি, নাও লাগতে পারে। কিন্তু যে বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন, তা ১০০ বার সত্য।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin