গ্যাসের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশা চালকরা

Published: October 4, 2026, 7:16 am

পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। আজ রোববার দুপুরে কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় ফয়েজ পেট্রোল পাম্পের সামনে সড়ক অবরোধ করেন তারা। এ সময় ‘গ্যাস দে, নইলে সড়ক বন্ধ’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

আন্দোলনরত চালকরা জানান, গ্যাসের তীব্র সংকটের কারণে তারা নিয়মিত গাড়ি চালাতে পারছেন না। এতে তাদের দৈনিক আয় আশঙ্কাজনক হারে কমে গেছে এবং যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে। সিএনজি চালক আশরাফ মিয়া বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। একই ধরনের উদ্বেগের কথা জানান চালক শাহ আলম। তিনি বলেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তাদের দুর্ভোগ আরও বাড়বে এবং তারা আন্দোলন আরও জোরদার করবেন।

এদিকে স্থানীয় যাত্রী লায়লা আক্তার জানান, চালকদের এই আন্দোলনের ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রয়োজন। ফয়েজ পেট্রোল পাম্পের এক বিক্রয় প্রতিনিধি জানান, চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম থাকায় তারা গাড়িগুলোকে পর্যাপ্ত গ্যাস দিতে পারছেন না। শাহেদ নামের আরেক বিক্রেতা বিষয়টির দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy