প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর ছবি নিয়ে অপপ্রচারের প্রতিবাদ প্রেস উইংয়ের

Published: October 4, 2026, 3:46 am

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রিসেপশনের আয়োজন করেছিলেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। তবে এই ছবিটিকে কেন্দ্র করে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের উদ্দেশ্যে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি জুড়ে দেওয়া হয়েছে। ওই কৃত্রিম ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। অপপ্রচারকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত মূল ছবিটিকে মিথ্যা দাবি করে এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে চালানোর চেষ্টা করছে।

আলবেনিয়াভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি যাচাই করা হয়েছে। প্রতিবেদনে এটিকে পুরোপুরি এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড হিসেবে নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ভাষ্যমতে, সেই এআই-জেনারেটেড ছবিকেই বর্তমানে ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh