হুথিদের হটাতে ১ লাখ সেনা নিয়ে বড় অভিযানের প্রস্তুতি সৌদির

Published: October 4, 2026, 5:31 am

ইয়েমেনের লোহিত সাগর উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালি ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করতে একটি বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে এ অভিযানে ১ লাখের বেশি ইয়েমেনি যোদ্ধাকে নিয়োজিত করা হতে পারে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই অভিযান শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইয়েমেনের সরকারপন্থি বাহিনী এই অভিযানে সরাসরি নেতৃত্ব দেবে এবং সৌদি আরব বিমান হামলার মাধ্যমে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রা রুখে দিয়ে বাব আল-মানদাব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করাই এই অভিযানের প্রধান ও তাৎক্ষণিক লক্ষ্য।

তবে এই অভিযানের ক্ষেত্রে সৌদি আরবের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের সরকারপন্থি দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও ঐক্যের অভাব। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট হলেও এই বাহিনীগুলোর মধ্যে তীব্র রাজনৈতিক ও আঞ্চলিক বিরোধ রয়েছে।

এই অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও সৌদি আরবকে গোয়েন্দা তথ্য সরবরাহ, সামরিক পরামর্শ এবং লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করছে। অবশ্য ইয়েমেনে সরাসরি মার্কিন বিমান হামলা চালানোর জন্য রিয়াদের পক্ষ থেকে করা অনুরোধ ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে বলে রয়টার্স জানিয়েছে।

অন্যদিকে, পাকিস্তান ও তুরস্ক এই অভিযানে সৌদি আরবকে সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষামূলক সহায়তা দিচ্ছে। তবে পাকিস্তান এখন পর্যন্ত ইয়েমেনে সরাসরি যুদ্ধ করার জন্য কোনো সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সম্প্রতি রিয়াদে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, সৌদি আরবের বর্তমান লক্ষ্য পুরো ইয়েমেন দখল করা নয়। বরং লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল ও গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব নৌপথের নিয়ন্ত্রণ পুনরায় নিজেদের হাতে নিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করাই রিয়াদের মূল উদ্দেশ্য।

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০: ৫৮আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১১: ১০

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh