রাজধানীর সবুজবাগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে বাধা দেওয়ার দায়ে চারজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— মো. ইয়াছিন, সেন্টু, আকবর হোসেন ও আবদুর রহিম।
পুলিশ জানায়, সবুজবাগ থানা এলাকায় অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য একটি অভিযান চালানো হচ্ছিল। সে সময় অভিযানে বাধা দেওয়ার অপরাধে ট্রাফিক সবুজবাগ জোন ওই চারজনকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গত শুক্রবার গ্রেফতারকৃতদের মতিঝিল বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে সংক্ষিপ্ত বিচার আদালতে উভয় পক্ষের শুনানি গ্রহণ করা হয়। একই সঙ্গে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের প্রত্যককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
তিনি আরও উল্লেখ করেন, জনস্বার্থ রক্ষা এবং ঢাকার শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।





