নয়ডায় বহুতল ভবনের ৪৩ তলা থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

Published: October 3, 2026, 2:46 pm

ভারতের নয়ডায় একটি বহুতল ভবনের ৪৩ তলা থেকে লাফ দিয়ে সম্ভভ জৈন নামে ২৯ বছর বয়সী এক যুবক মারা গেছেন। আজ শনিবার নয়ডার সেক্টর-৯৪ এলাকায় অবস্থিত সুপারনোভা কমপ্লেক্সের স্পাইরা টাওয়ারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত সম্ভভ জৈন হরিয়ানার মানেসরের বাসিন্দা ছিলেন। তিনি ভবনটির একটি এয়ারবিএনবি কক্ষে অবস্থান করছিলেন। শুক্রবার সেখানে ওঠার পর শনিবার দুপুরের দিকে তার চেকআউট করার কথা ছিল, কিন্তু তার আগেই তিনি ভবনের ৪৩ তলার বারান্দা থেকে নিচে লাফ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, লাফ দেওয়ার আগে সেখানে থাকা এক ব্যক্তি এবং আশপাশের কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেছিলেন। তবে তিনি কারও কথায় কান দেননি। ঘটনার আগে সম্ভভ জৈন তার বাবাকে একাধিকবার ফোন করেছিলেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্ত এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে, তিনি গুরুতর আর্থিক চাপে ছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পুলিশি তদন্ত চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) দল। সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং ভবনের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সুপারনোভা ভবনে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের আগস্টে ২৩ বছর বয়সী এক আইন শিক্ষার্থী ভবনের ৩২ তলা থেকে পড়ে মারা গিয়েছিলেন। এছাড়া ২০২৩ সালের জানুয়ারিতেও একই ভবনের ৪৩ তলা থেকে এক সম্পত্তি পরামর্শকের মৃত্যু হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy