গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে পৌঁছেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজার ১৮৮ জন ফিলিস্তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় নতুন করে আরও সাতজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান এবং ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন আরও ২০ জন। এছাড়া ২০২৪ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে ১ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫২ জন আহত হয়েছেন। এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, দীর্ঘ প্রায় তিন বছর পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া ১০৫ জনের এক গণ-জানাজা গত বৃহস্পতিবার গাজায় অনুষ্ঠিত হয়েছে। তিন বছর আগে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের নিচে চাপা পড়েছিলেন তারা। দীর্ঘ সময় পর স্বজনদের মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় এক হৃদয়বিদারক ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দলে দলে এই জানাজায় অংশ নেন।





