ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বে অব বেঙ্গল সংলাপ ২০২৬

Published: October 3, 2026, 3:34 am

রাজধানীতে আজ শুরু হচ্ছে পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন, ২০২৬’। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনটি চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন।

‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ শীর্ষক স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত এই সংলাপ নিয়ে গতকাল শুক্রবার হোটেলটিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিজিএসের সভাপতি জিল্লুর রহমান ও নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জিল্লুর রহমান জানান, এবারের সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা, ৩০০ জন প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। আন্তর্জাতিক এই আয়োজনে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক এবং তরুণ নেতৃত্ব অংশ নেবেন। সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিতকারীদের মধ্যে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।

সম্মেলনের মূল আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সিজিএস সভাপতি বলেন, বিশ্বব্যাপী ভূরাজনৈতিক বিভাজন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বাণিজ্য ও সরবরাহব্যবস্থার রূপান্তর, জলবায়ু চাপ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জন-আস্থার সংকট এবারের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া বিশ্বে নতুন প্রভাব কেন্দ্র তৈরির বিষয়টি এবং বিভিন্ন দেশের নিজেদের অংশীদারত্ব পুনর্বিবেচনা করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়েও আলোচনা হবে। এসব পরিবর্তন আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলছে, তাও পর্যালোচনার লক্ষ্য রয়েছে আয়োজকদের।

আয়োজকদের প্রত্যাশা, বে অব বেঙ্গল কনভারসেশনের মাধ্যমে ঢাকাকে এমন একটি আন্তর্জাতিক সংলাপের কেন্দ্রে পরিণত করা, যেখানে বিভিন্ন দেশ ও ভিন্নমতের মানুষ খোলামেলা আলোচনার সুযোগ পাবেন। এমন ব্যক্তিদের একত্র করা, যারা সাধারণত একই পরিসরে মতবিনিময়ের সুযোগ পান না—এটিই এই সংলাপের অন্যতম প্রধান উদ্দেশ্য। বঙ্গোপসাগরীয় অঞ্চলসহ বৃহত্তর বিশ্বের পরিবর্তিত ভূরাজনীতি, ক্ষমতা ও আস্থার নতুন বাস্তবতা নিয়ে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি করবে বলে আয়োজকরা আশা করছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin