ডিজেল ছাড়তে ফ্রান্স-জার্মানিকে ট্রাম্পের চাপ, রপ্তানি বন্ধের হুমকি

Published: October 2, 2026, 9:54 am

বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার জন্য ফ্রান্স ও জার্মানিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ওয়াশিংটন থেকে ইউরোপে ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আলোচনায় সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির মূল্য কমানোর চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলোকে তাদের আপৎকালীন মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। মূলত ইউক্রেন যুদ্ধ এবং ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে ইউরোপের ওপর ওয়াশিংটনের এই চাপকে একটি নতুন কৌশল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও জটিল হয়ে দাঁড়িয়েছে। একদিকে অভ্যন্তরীণ বাজারে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মজুত ছাড়ার প্রয়োজনীয়তা রয়েছে, অন্যদিকে ট্রাম্প ও ইরানের মধ্যে কোনো শান্তি চুক্তি না হলে জ্বালানি সংকট আরও ঘনীভূত হতে পারে—এমন আশঙ্কায় মজুত ধরে রাখাও জরুরি। এ বিষয়ে আলোচনার জন্য শুক্রবার বৈঠকে বসছে ইইউর জ্বালানি টাস্কফোর্স। এর আগে বৃহস্পতিবার ইউরোপীয় কমিশনসহ জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রতিনিধিরা জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি বৈঠক সম্পন্ন করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin