২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসরের গ্রুপ বিন্যাস আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এছাড়া বাছাইপর্ব পেরিয়ে আসা আরও একটি দল এই গ্রুপে যুক্ত হবে, তবে সেই দলটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
কেপটাউনে আয়োজিত বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা ও সূচি প্রকাশ অনুষ্ঠানে গ্রুপ পর্বের দলগুলোর নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে আসরের টিকিট সংগ্রহের জন্য ব্যালট প্রক্রিয়াও শুরু হয়েছে।
বিশ্বকাপের ‘এ’ ও ‘বি’—উভয় গ্রুপেই ছয়টি করে দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের এই আসর। তিন দেশের মোট ১২টি ভেন্যুতে সর্বমোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে।





