দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই কঠোর নির্দেশনার অংশ হিসেবেই মিরপুরের মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর মিষ্টি গতকাল জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগপত্র গ্রহণ করায় সংরক্ষিত নারী আসনটি এখন শূন্য ঘোষণা করা হয়েছে। সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
গত ২৪শে সেপ্টেম্বর রাতে মুখে মাস্ক ও মাথায় লাল কাপড় বেঁধে ২০০ থেকে ২৫০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মিরপুরে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। এই ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় সন্ত্রাসীদের নাম উঠে আসে। ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ৩টি সংগঠনের মোট ৫টি ইউনিটের ৫০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, দলের অভ্যন্তরে কোনো ধরনের দখলবাজি বা সন্ত্রাসের স্থান নেই।
এমপি পদ থেকে পদত্যাগ করলেও ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় এমপি মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার কোনো রাজনৈতিক ছাড় দিচ্ছে না এবং দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমন করা হবে।
উল্লেখ্য যে, ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপি’র মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০। সংবিধান অনুসারে, জাতীয় সংসদে দলগুলোর সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। বিএনপি’র মনোনয়নে এবার ৩৬ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছেন। গত ৩০শে এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। মিরপুরের সাবেক কাউন্সিলর মিষ্টির ব্যক্তিগত ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তার স্বামী সাইদুর রহমান নিউটন অতীতে মিরপুরে ওয়ার্ড কাউন্সিলর ছিলেন এবং পরবর্তীতে গুলিতে নিহত হন। এছাড়া প্রয়াত সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন পিন্টু ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টির বড় ভাই। কমিটি বিলুপ্ত ও বহিষ্কারের এই ঘটনায় দলের ভেতরে নেতৃত্বের জবাবদিহি ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নতুন কমিটিতে জায়গা পেতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা এখন দৌড়ঝাঁপ শুরু করেছেন।





