রাজশাহী রেলওয়ে স্টেশনকে রাজশাহীবাসীর মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক হিসেবে উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, যারা এই স্থাপনায় হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা রাষ্ট্রের শত্রু। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্ষতিগ্রস্ত রেল স্টেশনটি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, গত ৫ই আগস্ট ঢাকা ও রাজশাহীতে ছাত্র-জনতার ওপর যেভাবে হামলা চালিয়ে শহিদ সাকিব আনজুমসহ অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করা হয়েছিল, ঠিক একই কায়দায় ঐতিহ্যবাহী রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটানো হয়েছে। যারা এই স্থাপনা ধ্বংস করেছে, তারা পুরো রাজশাহীবাসীর সম্মান ও মর্যাদায় আঘাত হেনেছে বলে তিনি মন্তব্য করেন।
ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির মুখোমুখি করা হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া বক্তব্য ছড়াচ্ছে, তাদের খুঁজে বের করতে প্রযুক্তি ও অনুসন্ধানের সহায়তা নেওয়া হবে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
পরিদর্শনকালে ভূমিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা এবং আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।





