সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক

Published: September 17, 2026, 10:48 am

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব এবং আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ-এর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা এই চিঠিতে আসিফ মাহমুদ, তার স্ত্রী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির নামে থাকা দেশি-বিদেশি সম্পদের যাবতীয় নথিপত্র এবং অর্থপাচার সংক্রান্ত তথ্য সরবরাহের অনুরোধ করা হয়েছে। দুদকের নথিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ এবং অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ রয়েছে। মূলত এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবেই বিএফআইইউ’র কাছে এই তথ্য চাওয়া হয়েছে।

বিএফআইইউ-এর কাছে পাঠানো চিঠিতে দেশে থাকা ব্যাংক ও অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের তথ্য জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সঞ্চয়ী ও চলতি হিসাব, ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, ঋণ, সঞ্চয়পত্র, এফডিআর এবং ডিপিএসসহ বিভিন্ন আর্থিক মাধ্যমের তথ্য। একই সঙ্গে এসব হিসাবের লেনদেনের বিবরণী ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রও সরবরাহ করতে বলা হয়েছে।

এছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, বিনিয়োগ, ব্যাংক হিসাব পরিচালনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের মতো গুরুতর অভিযোগের বিষয়ে তথ্য চেয়েছে দুদক। উল্লিখিত দেশগুলোতে আসিফ মাহমুদ, তার স্ত্রী কিংবা তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সম্পদ বা বিনিয়োগ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করতে বিএফআইইউ-কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin