বাংলাদেশে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক রবিউল গ্রেপ্তার

Published: October 1, 2026, 12:10 pm

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি এবং গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে রবিউল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সরকারি গোপন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গোয়েন্দা রমনা বিভাগের পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

আদালতের নথিপত্র অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর রবিউল ইসলামকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। ওইদিন গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের উপপরিদর্শক বিনয় কুমার রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর গত ২৭ সেপ্টেম্বর রিমান্ড শেষে পুনরায় তাকে আরও চার দিনের রিমান্ডে পাঠায় আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রবিউল ভারতীয় নাগরিক হলেও তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে সৌদি আরবের রিয়াদের নাম রয়েছে। এছাড়া তার ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টে জন্মতারিখের তথ্যেও অসামঞ্জস্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে রবিউল স্বীকার করেছেন যে, গত ১০ থেকে ১২ বছর ধরে তিনি বিভিন্ন সময় ট্যুরিস্ট ও ব্যবসায়িক ভিসায় বাংলাদেশে যাতায়াত করেছেন।

তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, ব্যবসায়িক কর্মকাণ্ডের আড়ালে মূলত তিনি গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন। গত ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর ১৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থানকালে তিনি রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও নিষিদ্ধ এলাকার ছবি তোলা এবং গোপন নথি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর চেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সহায়তা করে আসছেন বলেও এজাহারে বলা হয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩, ৩এ, ৪, ৫ ও ৯ ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy