বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় তারকা আড্ডার অনুষ্ঠান ‘কফি উইথ করণ’ নিয়ে এলো দুঃসংবাদ। দীর্ঘ ২২ বছরের দীর্ঘ পথচলার ইতি টানতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় প্রযোজক ও পরিচালক করণ জোহর। বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন যে, অনুষ্ঠানটির আসন্ন নবম সিজনই হতে যাচ্ছে এর শেষ সিজন।
বিদায়বেলায় করণ জোহর তার আবেগের কথা প্রকাশ করে বলেন, কিছু সফর নির্দিষ্ট পরিকল্পনা করে শেষ করতে হয় না। তবে একটা সময় আসে, যখন অন্তরের গভীর থেকে অনুধাবন করা যায় যে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। তিনি আরও বলেন, আলবিদা বলাটা অত্যন্ত আবেগের, তবে তার মনে হচ্ছে এখনই সঠিক সময়। এই শেষ মৌসুমে তার একমাত্র উদ্দেশ্য হলো অন্তরের সবটুকু কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে শেষবারের মতো তাদের সঙ্গেই কফির কাপটা তুলে ধরা, যারা ‘কফি উইথ করণ’-কে আজকের এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
স্মৃতির পাতায় ডুব দিয়ে করণ জোহর ২০০৪ সালের শুরুর দিকের কথা স্মরণ করেন। সেই সময় তিনি তার বাবা যশ জোহরের কাছে প্রথম এই আড্ডাভিত্তিক অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরিকল্পনা ছিল দুজন তারকাকে মুখোমুখি বসিয়ে তাদের সঙ্গে খোলামেলা গল্প করার। তবে ছেলের এমন ভাবনা শুনে বাবা হেসে প্রশ্ন করেছিলেন, বন্ধুদের ডেকে শুধু গল্প করলেই তার জন্য কে টাকা দেবে?
২০০৪ সালে পথচলা শুরু করা এই অনুষ্ঠানটি এখন পর্যন্ত আটটি সিজনে ১৬১টি পর্ব প্রচার করেছে। দীর্ঘ এই যাত্রায় বলিউডের অসংখ্য তারকা অতিথি হিসেবে অংশ নিয়েছেন। দর্শকদের জন্য শেষবারের মতো তারকাদের নিয়ে কফির আড্ডার জমজমাট অধ্যায় সাজাচ্ছেন করণ। আগামী ১৪ অক্টোবর থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিও হটস্টার’-এ স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ করণ সিজন ৯’।





