আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে বিনিয়োগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

Published: October 1, 2026, 2:56 am

দেশে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জ্বালানি সরবরাহের নিশ্চয়তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সকালে সিলেট নগরের কানিশাইলে সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আইনশৃঙ্খলা, জ্বালানি সরবরাহ এবং নীতিগত স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশ্বস্ত করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের বর্তমান প্রচেষ্টা বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করবে।

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, পুলিশ বর্তমানে মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করছে এবং স্থানীয়রা যেভাবে আইনশৃঙ্খলা দেখতে চান, সরকার সেভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। মাদক ও অনলাইন গ্যাম্বলিংয়ের মতো অপরাধগুলো নিয়ন্ত্রণে আনতে পারলে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যও অনেকটা কমে আসবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, অনলাইন গ্যাম্বলিং বন্ধে বর্তমান সরকার সংসদে নতুন আইন পাস করেছে এবং এটি কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে।

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সিটি করপোরেশন পর্যাপ্ত ক্লোজড সার্কিট ক্যামেরা, ড্রোন এবং ডিজিটাল ট্রাফিক লাইট ব্যবস্থা সংগ্রহ করবে, যা সিলেট মেট্রোপলিটন পুলিশ পরিচালনা করবে। প্রযুক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ঘাটতি রাখা হবে না। পাশাপাশি, সিলেটে উন্নয়নকাজে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি রোধে স্থানীয় বাসিন্দাদের নিয়মিত নজরদারি করার আহ্বান জানান তিনি।

একইদিন বিকেলে বাণিজ্যমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। তিনি জানান, ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা আগামী অক্টোবরের মধ্যে নিরসনের আশা করা হচ্ছে। প্রকল্পের সিলেট অংশের কাজ ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং পুরো মহাসড়কের কাজ ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে বলে তিনি জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy