প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষই অত্যন্ত আগ্রহী বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি নিজে কূটনীতিক হিসেবে নয়, বরং একটি ইতিবাচক দিক থেকে বিষয়টি দেখছেন। তার মতে, দুই দেশেরই এখানে স্বার্থ রয়েছে এবং যখনই প্রধানমন্ত্রীর সফরের আলোচনার বিষয়টি সামনে আসে, তখন উভয় দেশের মানুষই উচ্ছ্বসিত হয়ে ওঠে। তিনি বলেন, এর অর্থ হলো এটি একটি ভালো খবর। আমি রাজনৈতিক ব্যক্তি বা সরকারের কথা বলছি না, সাধারণ মানুষই এটি চায়। এ কারণেই এটি সংবাদ হচ্ছে। তা না হলে এটি সংবাদ কেন হবে?
বর্তমান পরিবেশকে অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করে ভারতীয় হাইকমিশনার জানান, দুই প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময় দিতে হবে। তিনি নিশ্চিত করেন যে, কোনো একসময় দুই স্বাধীন ও সার্বভৌম দেশের নেতারা অবশ্যই একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকার বিষয়টি স্বীকার করে ত্রিবেদী বলেন, কোনো সমস্যা থাকবে না, এমনটা ভাবা ভুল। কিছু চ্যালেঞ্জ থাকবে। তবে দুই নেতা যখন বসবেন, তখন এমন কোনো প্রশ্ন নেই যার শতভাগ সমাধান পাওয়া যাবে না। তিনি ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে পুনরায় জোর দিয়ে বলেন, উভয় দেশের মানুষই চায় নেতারা সাক্ষাৎ করুন এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাক।





