কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন: র‍্যালি ও মনিপুরী নৃত্য

Published: September 27, 2026, 12:07 pm

মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা—আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বর্ণাঢ্য র‍্যালি ও মনিপুরী নৃত্যের আয়োজন করা হয়। ট্যুরিজম কমলগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, বিভিন্ন হোটেল-রিসোর্টের প্রতিনিধিসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। র‍্যালি শেষে আকর্ষণীয় মনিপুরী নৃত্য পরিবেশনের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্যকে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রজিত কুমার দাশ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক এবং কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।

আয়োজক ও স্থানীয় প্রতিনিধিরা জানান, দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারার কারণে কমলগঞ্জ পর্যটকদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। উপজেলার পর্যটন শিল্পের টেকসই বিকাশের পাশাপাশি স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল কমলগঞ্জের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরা এবং স্থানীয় জনগণকে পর্যটনবান্ধব কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করা।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ট্যুরিজম কমলগঞ্জের আহ্বায়ক সাব্বির এলাহী বলেন, আগামীতে আরও বৃহৎ পরিসরে মাধবপুর লেকে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হবে। সেই আয়োজনে কমলগঞ্জের বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের ব্যবস্থা করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin