সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় প্রযুক্তি সহায়তায় আগ্রহী সিঙ্গাপুর

Published: September 27, 2026, 10:26 am

বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন ব্যবস্থার আধুনিকায়নে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যের পরিধি বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। মিচেল লি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক ক্রমাগত বিস্তৃত হচ্ছে। এই সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে শিগগিরই বাংলাদেশে পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, সরকার দেশের সীমান্ত ও বিমানবন্দরগুলোতে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। এছাড়া উগ্রবাদ মোকাবিলা এবং পুলিশের প্রশিক্ষণের ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকটিতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের নিরাপত্তা আধুনিকায়ন, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে সিঙ্গাপুর মিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিঙ্গাপুর মিশনের দ্বিতীয় সচিব ধান্য লিঙ্গেশ উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy