ভারতে পলাতক দণ্ডপ্রাপ্তদের নিয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে আলোচনা

Published: September 17, 2026, 8:19 am

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন।

বৈঠকে মাহ্দী আমিন ভারতে অবস্থানরত ফ্যাসিবাদের দোসর এবং আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে ভারতীয় হাইকমিশনারের প্রতি আহ্বান জানান। উভয় পক্ষই পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ সুসংহত করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে সম্পর্ককে টেকসই উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে তারা একমত পোষণ করেন।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের যৌথ সহযোগিতার অপার সম্ভাবনার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin