১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১২: ৩২ মিনিটে প্রাপ্ত সংবাদে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও অতিরিক্ত লোড ব্যবহারের বিরুদ্ধে গভীর রাতে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। গত রোববার দিবাগত রাত ৯টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ছয়টি গ্যারেজ মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় জসিম উদ্দিনের অটোরিকশা গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহার এবং পাশের আরেকটি গ্যারেজে মিটার ছাড়াই অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ওই অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় অভিযানকারী দল।
একই রাতে অভিযান চালানো হয় বাতানপাড়া এলাকায়। সেখানে একই অভিযোগে গ্যারেজ মালিক রাজাকে ১ লাখ টাকা এবং মজিবুর রহমানের গ্যারেজে বিদ্যুৎ চুরি ও অতিরিক্ত লোড ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় শাকিলের তিনটি অটো গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহারের অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, বিদ্যুৎ আইনের ৩৮ ধারায় এই অভিযান চালানো হয়েছে। বিদ্যুৎ চুরি প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ (এনওসিএস) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপ-সহকারী প্রকৌশলী মো. সানোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম ও মো. অলিউল্ল্যাহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





