গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

Published: September 25, 2026, 8:32 am

মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে মাথাভাঙ্গা নদীতে ডুবে সাগরী খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গোসল ও কাপড় ধোয়ার উদ্দেশ্যে নদীতে নামলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগরী খাতুন ওই গ্রামের জামরুল ইসলামের স্ত্রী এবং তিনি দেড় বছরের এক সন্তানের মা ছিলেন।

নিহতের স্বামী জামরুল ইসলাম জানান, কাজের জন্য তিনি বাড়ির বাইরে ছিলেন। হঠাৎ খবর পান যে তার স্ত্রী বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে ডুবে মারা গেছেন। খবর পাওয়ার পরপরই তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। তিনি বলেন, সাগরী প্রায়ই নিজের ও সন্তানের কাপড় ধোয়ার জন্য নদীতে যেতেন, কিন্তু এভাবে সে যে চিরতরে তাদের ছেড়ে চলে যাবে তা কল্পনাও করতে পারেননি। এখন এই ছোট্ট অবুঝ সন্তানকে নিয়ে তিনি কীভাবে চলবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, সকালে মাথাভাঙ্গা নদীতে সাগরী খাতুনকে ভাসতে দেখে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, নদীতে ডুবে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy