ভারত থেকে ইলিশ আমদানির বিষয়টি জানত না মৎস্য মন্ত্রণালয়

Published: September 25, 2026, 3:56 am

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪১। দেশের বাজারে ইলিশের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অভ্যন্তরীণ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ইলিশ আমদানি তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৭০ থেকে ৮০ শতাংশই বাংলাদেশে হয়। দেশের অভ্যন্তরে চাহিদার কথা মাথায় রেখে ২০১২ সাল থেকে সরকার ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল। তবে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে শুধুমাত্র দুর্গাপূজার সময়ে এক মাসের জন্য বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হতো। এ বছরও ভারতের ব্যবসায়ীরা ইলিশ পাঠানোর জন্য সরকারের কাছে চিঠি দিয়েছিলেন।

এমন প্রেক্ষাপটে হঠাৎ করেই মৎস্য অধিদপ্তর ভারত থেকে ইলিশ আমদানির অনুমোদন দিয়ে বসে। তবে এই আমদানির বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নজরে ছিল না। বিষয়টি গণমাধ্যমে আসার পর মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে জানতে পারেন। দেশের সুস্বাদুজাতীয় এই মাছটি আমদানির প্রক্রিয়া কীভাবে এবং কার অনুমোদনে শুরু হলো, তা নিয়ে প্রশ্ন ওঠায় মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে অধিদপ্তরের কাছে জরুরি ভিত্তিতে লিখিত ব্যাখ্যা তলব করে। প্রশাসনিক কড়াকড়ির মুখে অধিদপ্তর নড়েচড়ে বসলে আমদানির প্রক্রিয়াটি দ্রুত আটকে দেওয়া হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন জানান, আমদানি পণ্যের তালিকায় ইলিশের নাম এখনো থাকলেও দেশের স্বার্থে এবং অভ্যন্তরীণ বাজার সুরক্ষায় আপাতত ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়াতে আমদানি তালিকা থেকেই ইলিশের নাম স্থায়ীভাবে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. খালেদ কনক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh