জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন সিক্রেট সার্ভিস

Published: September 23, 2026, 1:18 pm

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) চলমান অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানি প্রতিনিধিদলের অন্য সদস্যদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস। একই সঙ্গে, পেজেশকিয়ানসহ পুরো ইরানি প্রতিনিধিদলের নিরাপত্তায় ফেডারেল সংস্থাগুলোকে সহায়তা প্রদান করছে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ইন্টেলিজেন্স ব্যুরো। এই নিরাপত্তা বলয়ে এনওয়াইপিডির গোয়েন্দা কর্মকর্তা, ডিটেকটিভ এবং হাইওয়ে প্যাট্রোলের সদস্যরাও যুক্ত রয়েছেন।

ইরান জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কয়েক দশক ধরে সাধারণ পরিষদের অধিবেশনে নিয়মিত অংশ নিয়ে আসছে। এর আগে ইব্রাহিম রাইসিসহ দেশটির বিগত প্রেসিডেন্টরাও জাতিসংঘে প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট ভিন্ন। সিএনএন-এর ভাষ্যমতে, যে দেশটির সঙ্গে ইরানের এখনো যুদ্ধাবস্থা বিদ্যমান, সেই যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানি প্রতিনিধিদলের এমন উপস্থিতি সাম্প্রতিক বছরগুলোর ইতিহাসে নজিরবিহীন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin