জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

Published: September 23, 2026, 11:08 am

বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। যুদ্ধবিধ্বস্ত দেশটির কূটনীতি এবং পুনর্গঠন প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার আলোচনার এজেন্ডায় থাকলেও, বিশ্বনেতাদের এই সমাবেশে তাকে কিছুটা ভিন্নভাবে দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সাধারণ পরিষদের হলের ভেতরে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান যখন বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময় সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা তার মোবাইল ফোনে ছোট ভিডিও বা ‘রিলস’ দেখছিলেন।

বিভিন্ন প্রতিবেদনে এমন দাবিও করা হয়েছে যে, একসময়ের যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত এই নেতা ফোনে রিলস শেয়ারও করছিলেন। তবে ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজ থেকে এটি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি যে তিনি ঠিক কী দেখছিলেন কিংবা কারও সঙ্গে কোনো বার্তা আদান-প্রদান করছিলেন কি না।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় আল-শারার এই কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার এই আচরণে নিজেদের মিল খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী মন্তব্য করেন, তিনি আমাদের মতোই একজন মিলেনিয়াল এবং বিরক্তিকর বক্তৃতা শোনার চেয়ে স্ক্রলিং করাটাই স্বাভাবিক। তবে অন্য একজন কড়া সমালোচনা করে লিখেছেন, ওই কক্ষে উপস্থিত থাকা ব্যক্তিদের মধ্যে যার সঙ্গে সবচেয়ে বেশি মিল পাওয়া যাচ্ছে, তিনি একসময় আল-কায়েদার সদস্য ছিলেন এবং মানুষের শিরশ্ছেদ করতেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin