ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আসন্ন যুক্তরাষ্ট্র সফরের কর্মসূচি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং সেই দিনই ইসরাইলে ফিরে যাবেন। নিউইয়র্কে সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কাই মূলত এই সফর সংক্ষিপ্ত করার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ফিলিস্তিনিদের ওপর ‘ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে অভিহিত করায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
নেতানিয়াহু বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন এবং নিউইয়র্ক সময় বৃহস্পতিবার দুপুর ২টায়, অর্থাৎ ইসরাইল সময় রাত ৯টায় জাতিসংঘে ভাষণ দেবেন। তার ভাষণে ইরান প্রসঙ্গ প্রধান গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এবং ভাষণে ‘চমকপ্রদ’ কিছু থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এবার তিনি নিউইয়র্কে রাত কাটাবেন না এবং ভাষণের পরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরাইলের উদ্দেশে রওনা হবেন। তার সঙ্গে এবারের সফরে কোনো সাংবাদিক থাকছেন না।
নিরাপত্তা ও সমন্বয়ের জটিলতার কারণে নেতানিয়াহুর বিমান ‘উইং অব জিওন’ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে নিউ জার্সির একটি সামরিক বিমানঘাঁটি অথবা নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে। এর আগে তার টেক্সাস সফর এবং ইলন মাস্কের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ছিল, যা জ্বালানি বিরতির জটিলতা ও মার্কিন পক্ষের অনাগ্রহের কারণে বাতিল করা হয়েছে।
নেতানিয়াহুর এবারের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো বৈঠক নির্ধারিত নেই, তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠকের চেষ্টাও চলছে, যদিও সময় স্বল্পতার কারণে তা কঠিন হয়ে পড়েছে। এদিকে, জাতিসংঘে ইসরাইলি প্রতিনিধিদল ভাষণের সময় সম্ভাব্য হট্টগোল বা বিভিন্ন দেশের প্রতিনিধিদের অধিবেশন থেকে বের হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এর আগে ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছিলেন, নেতানিয়াহু প্রায় ২৪ ঘণ্টার একটি সংক্ষিপ্ত সফর করবেন।
নেতানিয়াহুর এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরান ও ইউক্রেনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকট আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। একই সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির একটি প্রতিনিধিদলকেও সাধারণ পরিষদে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪০





