হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি-৭-এর আহ্বান

Published: September 22, 2026, 6:31 am

ইয়েমেনে হুতি বাহিনীকে সামরিক সহায়তা প্রদান থেকে বিরত থাকার জন্য ইরানের প্রতি কঠোর আহ্বান জানিয়েছে বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জোটটি সতর্ক করেছে যে ইরানের এই সহায়তা উত্তেজনা বৃদ্ধির একটি বিপজ্জনক ধারা তৈরি করছে, যা আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক বৈঠকের পর জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তারা ইয়েমেন ও সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানান। জোটের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, হুতিদের অবিলম্বে সব ধরনের সামরিক কর্মকাণ্ড, বেসামরিক জাহাজ চলাচলের বিরুদ্ধে হুমকি এবং আক্রমণ বন্ধ করতে হবে। পাশাপাশি, তাদের আন্তরিকভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত জি-৭ একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক নীতি, অর্থনৈতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য প্রতিবছর জোটটির নেতা ও মন্ত্রীরা বিভিন্ন বৈঠকে মিলিত হন এবং নিজেদের অবস্থান সমন্বয় করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy