রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের নিরঙ্কুশ ও রেকর্ড জয়

Published: September 22, 2026, 6:41 am

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র নির্বাচনে টানা পঞ্চমবারের মতো নিরঙ্কুশ ও রেকর্ড জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টি। ২১ সেপ্টেম্বর রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। ৪৫০টি আসনের মধ্যে ৩৫০টিতেই বিজয়ী হয়েছেন দলটির প্রার্থীরা। ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটারের ৫৯ দশমিক ৩২ শতাংশ ভোট দিয়েছেন এবং ইউনাইটেড রাশিয়া পার্টি মোট গণনাকৃত ভোটের ৫৮ শতাংশেরও বেশি ভোট পেয়েছে।

২০০১ সালে প্রথম জয়ের পর থেকে টানা ২৫ বছর ধরে স্টেট দুমার নিয়ন্ত্রণ রয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টির হাতে। প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে পুতিনের দল প্রতিবারই জয়ী হয়েছে, তবে এবারের বিজয় আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়ার পর এটিই ছিল প্রথম পার্লামেন্ট নির্বাচন। পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল এবং ৬০ শতাংশ ভোটারের অংশগ্রহণ ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে রুশ জনগণের সমর্থন হিসেবেই দেখা হচ্ছে।

নির্বাচন কমিশনের চেয়ারপারসন এল্লা পামফিলোভা জানিয়েছেন, ইউনাইটেড রাশিয়া পার্টির পর দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ান কমিউনিস্ট পার্টি ১৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে ৪০টি আসনে জয়ী হয়েছে। এছাড়া জাতীয়তাবাদী এলডিপিআর ২৫টি এবং নিউ পিপল পার্টি ২০টি আসনে জয়লাভ করেছে। তবে ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী দল ইয়াবোলোকো কোনো আসনেই জয়ী হতে পারেনি। নির্বাচনে বড় ধরনের কোনো চমক না থাকায় সাধারণ রুশ নাগরিকদের কাছে ফলাফলটি প্রত্যাশিত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে দুমার সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালে; আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে। সেই হিসেবে এই প্রথম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান থাকা অবস্থায় এই প্রথম দুমার নর্বাচন হলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin