বগুড়া শহরতলীর ঢাকা-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন—কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। পথে হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শফিকুল ও আরাফাতের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা অন্য তিন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি নিয়ে চালক পালিয়ে যায়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত দুজনের লাশ ঘটনাস্থল থেকে তাদের পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত ও তা জব্দ করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





